বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিশ্বকবির সৃষ্টিকর্ম নিয়ে চারদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হবে।
আগামীকালের কর্মসূচিতে রয়েছে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠান।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত থাকবেন ।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠানের ধারাবাহিকতায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে শনিবার (২য় দিন) বিকাল সাড়ে ৫টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সংস্কৃতি সচিব কানিজ মওলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন ধন্যবাদ জ্ঞাপন করবেন।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী আয়োজনের ৩য় দিন রোববার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব কানিজ মওলা। স্বাগত বক্তৃতা করবেন একাডেমির মহাপরিচালক এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
এ দিন বিকাল সাড়ে ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সংগীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। এর আগে, বিকেল ৫টায় জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-২ এ চারুকলা বিভাগের আয়োজনে ‘রবির চিত্র চিত্রে রবী’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী’র উদ্বোধন করা হবে। এই প্রদর্শনী চলবে ২৩ মে পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা।
সোমবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রুহুল কবীর রিজভী আহমেদ। সংস্কৃতি সচিব কানিজ মওলার সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক।
আলোচনা শেষে নাট্যদল প্রাচ্যনাট মঞ্চস্থ করবে নাটক ‘অচলায়তন’, নির্দেশনায় আজাদ আবুল কালাম।
এছাড়া দেশের সকল জেলা শিল্পকলা একাডেমিতে কবিগুরুর স্মরণে আলোচনা ও তার সৃষ্টিকর্ম নিয়ে নানান অনুষ্ঠানমালা পরিবেশিত হবে। সকল আয়োজন উন্মুক্ত থাকবে।
সূত্রঃ বসাস



















