ইন্টারনেট ও সামাজিক মাধ্যমের অপব্যবহার, নারীর প্রতি সহিংসতা, অশ্লীল ভাষার ব্যবহার, বুলিং এবং সামাজিক অবক্ষয় রোধে নতুন সাইবার সুরক্ষা আইন প্রণয়নের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, আইনটি মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার উপযোগী হতে হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভার শুরুতে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বর্তমানে সাইবার জগৎ ও সামাজিক মাধ্যমে যেসব কর্মকাণ্ড ঘটছে, সেগুলো থেকে দেশের জনগণকে সুরক্ষা দিতে একটি কার্যকর সাইবার সুরক্ষা আইন প্রয়োজন। তবে সেই আইন হতে হবে যুগোপযোগী এবং মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার উপযোগী।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও প্রযুক্তি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য এবং আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে একটি সঠিক ও কার্যকর সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করাই এ কমিটির মূল উদ্দেশ্য।
সামাজিক মাধ্যমে নারীর প্রতি সহিংসতা, অশ্লীল ভাষার ব্যবহার ও বুলিংয়ের বিষয় তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ড শুধু ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং সমাজকেও অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। এর ফলে সামাজিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশও বিপর্যয়ের দিকে যেতে পারে।
শামা ওবায়েদ বলেন, সরকার দেশের মানুষকে সাইবার জগতের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সুরক্ষা দিতে চায়। এ লক্ষ্যেই সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি যুগোপযোগী সাইবার সিকিউরিটি আইন প্রণয়ন করা হবে।



















