জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগ দেন।
আফরোজা আব্বাস জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের (মির্জা আব্বাস) সহধর্মিণী।
গত ১৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসকে অবৈতনিকভাবে নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এ নিয়োগ কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে চেয়ারম্যানও যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে।



















