সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। চিকিৎসকদের পরামর্শে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস): বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বর রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মির্জা আব্বাসের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
শায়রুল কবির খান বলেন, দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় মির্জা আব্বাসের চিকিৎসা চলছিল। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরোলজি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার (ব্রেন সার্জারি) সম্পন্ন করে।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরবর্তীতে তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় এক মাস ফিজিওথেরাপি নেওয়ার পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটে।



















