গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেও সরকার তাদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা করবে।
শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ জন সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
প্রধানমন্ত্রী বলেন, ‘সীমিত সম্পদের মধ্যেও আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের পাশে থাকার। যে অপূরণীয় ক্ষতি আপনাদের হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবুও আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।’ আবেগঘন বক্তব্যে তিনি আরও বলেন, ‘আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। যাদের আজ আমাদের মাঝে থাকার কথা ছিল, তারা নেই। তাদের মহান আত্মত্যাগের বিনিময়েই দেশের ২০ কোটি মানুষ ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে।’
তিনি বলেন, ‘আজ যারা আমাদের মধ্যে অনুপস্থিত, তারা কোথায় ও কী অবস্থায় আছেন, তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমাদের উচিত তাদের জন্য দোয়া করা, যাতে আল্লাহ তাদের সর্বোত্তম অবস্থানে রাখেন।’ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতাত্তোর গণতান্ত্রিক আন্দোলন এবং সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের স্মরণ করে তিনি বলেন, এসব সংগ্রামের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বাস্তবতার কারণে সবকিছু দ্রুত সম্ভব না হলেও সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সরকারপ্রধান আরও বলেন, যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের ত্যাগই সরকারের কাজের সবচেয়ে বড় প্রেরণা। তিনি শহীদ পরিবারের সদস্যদের সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, সরকার যেন দেশের গণতান্ত্রিক সংগ্রামে আত্মত্যাগীদের প্রত্যাশা পূরণে আরও কার্যকরভাবে কাজ করতে পারে, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য দেন এবং প্রধানমন্ত্রীর কাছে নিজেদের অনুভূতি তুলে ধরেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপ প্রেস-সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির, আমরা বিএনপি পরিবারের সদস্য মোকছেদুল মোমিন মিথুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।



















