শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, স্কুলের ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের কোনো নেতা থাকতে পারবেন না; বরং অবসরপ্রাপ্ত শিক্ষকদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।
রোববার (২৪ আগস্ট) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাধ্যমিক পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের ‘বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্যারিস্টার কায়সার কামাল। বাংলাদেশ শিক্ষক সমিতির দুর্গাপুর উপজেলা শাখা অনুষ্ঠানের আয়োজন করে।
বিগত সময়ের দলীয়করণের সংস্কৃতির সমালোচনা করে ডেপুটি স্পিকার বলেন, স্কুলের পরিচালনা কমিটির হাতে কিছু ক্ষমতা থাকে, যা অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে অপব্যবহার করা হয়। তিনি বলেন, যারা রাজনীতি করবেন, তাদের জন্য ইউনিয়ন বা ওয়ার্ড কমিটি রয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে কোনো রাজনৈতিক দলের নেতা থাকা উচিত নয়। এর পরিবর্তে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অন্তর্ভুক্ত করে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
শিক্ষকতা পেশার মর্যাদা তুলে ধরে কায়সার কামাল বলেন, একজন শিক্ষক আজীবনই শিক্ষক। মৃত্যুর আগের দিন পর্যন্তও সমাজে তারা ‘স্যার’ বা ‘ম্যাডাম’ হিসেবে শ্রদ্ধার পাত্র হয়ে থাকেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র মেরামতের সর্বজনীন কর্মসূচির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি (তারেক রহমান) সবার প্রধানমন্ত্রী হিসেবে দেশের জন্য প্রতিদিন ১৮-২০ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। তার সংস্কারমূলক উদ্যোগগুলোকে দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে দেখতে হবে।’
বাংলাদেশ শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনছারীসহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।



















