ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের পর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিষয়টি নিয়ে এখন সম্ভাব্যতা যাচাই করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ৫ অথবা ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
রোববার (২৩ আগস্ট) সিবিএফের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করে। পরিদর্শন শেষে রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক ও নৈশভোজে তারা ৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের আগ্রহের কথা জানান।
জানা গেছে, ভারতের বিপক্ষে ম্যাচ শেষে ৪ অক্টোবর কলকাতা থেকে ঢাকায় আসতে চায় ভিনিসিয়ুস, রাফিনিয়াদের দল। তবে একই সময়ে বাংলাদেশের ফিফা আসিয়ান কাপের সূচি থাকায় বিষয়টি নিয়ে দোটানায় রয়েছে বাফুফে। কারণ, ৩ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় বাংলাদেশের ম্যাচ থাকায় হামজা-তপুদের এত কম সময়ের ব্যবধানে মাঠে নামা কঠিন হতে পারে।

এছাড়া ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ আয়োজনের ক্রীড়াগত ও আর্থিক দিকও বিবেচনায় রাখছে বাফুফে। বড় পরিসরের এ আয়োজনের ব্যয় এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনাও ফেডারেশনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে।
ব্রাজিলের প্রতিনিধি দল জানিয়েছে, ২৩ জন খেলোয়াড়সহ প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে তারা ঢাকায় আসতে চায়। তাদের কলকাতা থেকে ঢাকায় আনা এবং ম্যাচ শেষে দুবাই পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। বাফুফে সূত্র জানিয়েছে, সব দিক বিবেচনা করে বাস্তবতার ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।



















