কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। মরদেহ দেশে আনা ও পরিবারের কাছে হস্তান্তরের পুরো প্রক্রিয়ায় সহায়তা করেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।
গত ১৯ আগস্ট কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে শনিবার (২২ আগস্ট) সকালে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামান-এর মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়। পরে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
একই দিন বিকেলে কুষ্টিয়ার দেবাশীষ দত্ত ও তার পরিবারের তিন সদস্য এবং ঢাকার আমিনবাজারের বাবু আহমেদ-এর মরদেহ বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে আনা হয়।
মরদেহ সংরক্ষণ, পরিবহন এবং বাংলাদেশে ফেরত পাঠানোর পুরো কার্যক্রমে নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।
অন্যদিকে, নিহত সাতক্ষীরার রেপতি সরকার-এর মরদেহ তার পরিবারের ইচ্ছানুযায়ী গতকাল রাতেই কলকাতায় সৎকার করা হয়েছে। এ ক্ষেত্রেও বাংলাদেশ উপহাইকমিশন আর্থিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করেছে।
এ ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।



















