ব্রাজিলের রিও ডি জেনেইরোর উত্তরের পাহাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির দমকল বিভাগ।
রোববার ভোরে পাহাড়ি শহর পেট্রোপোলিসের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নয়জন নারী ও একটি কন্যাশিশু রয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, দুর্ঘটনার পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে উদ্ধারকর্মীদের মাটি খনন করে উদ্ধার অভিযান চালাতে হয়। দমকল বিভাগের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে মোট ৪৯ জনকে পাওয়া গেছে। প্রথমে আটজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়, পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা নতুন নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি ধর্মীয় উৎসব শেষে ফেরার পথে বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হন।
এর আগে, গত বছরের অক্টোবরে উত্তর-পূর্বাঞ্চলীয় পার্নামবুকো রাজ্যে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে সৃষ্ট দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানি ঘটে।



















