সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তানজিম হাসান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানজিম হাসান ওই গ্রামের মোশাররফ ঢালীর ছেলে।
শিশুটির বাবা মোশাররফ ঢালী জানান, রাতে তানজিম তাদের সঙ্গে ঘুমিয়ে ছিল। রাত ২টার দিকে হঠাৎ কান্না শুরু করলে ঘুম ভেঙে যায়। পরে তার শরীরে সাপের কামড়ের চিহ্ন এবং বিছানার পাশে একটি সাপ দেখতে পান তারা।
তানজিমের চাচা মোস্তফা ঢালী জানান, প্রথমে শিশুটিকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়া হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকির হোসেন বলেন, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তিনি আরও বলেন, বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আশাশুনির বুধহাটা এলাকায় বুধবার ভোরে শিশুটির মৃত্যু হয়।



















