জ্বালানি তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কোনো নির্দিষ্ট শর্তের কারণে নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘এখানে আইএমএফের এমন কোনো শর্ত নেই।’ তিনি জানান, তেলের সাম্প্রতিক মূল্য সমন্বয়কে আইএমএফের সরাসরি শর্তের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ নেই।
এর আগে সোমবার রাতে সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের খুচরা দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয়। নতুন দরে ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি বছরের জুনে জ্বালানি তেলের কয়েকটি পণ্যের দাম সমন্বয় করা হয়েছিল। নতুন করে দাম বাড়ানোর পর পরিবহন খাতে এর প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এদিকে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে কেউ যাতে অতিরিক্ত ভাড়া আদায় বা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী। এ বিষয়ে সড়ক পরিবহন ও নৌপরিবহনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।



















