বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব স্বাক্ষরিত ২৬ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালটিতে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবন এবং শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এসব অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সরকারি স্বাস্থ্য সেবার সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী অভিযোগের গুরুত্ব, দায়িত্ব থেকে বিরত রাখার প্রয়োজনীয়তা এবং বিভাগীয় তদন্তে প্রভাব বিস্তারের আশঙ্কা বিবেচনায় ডা. কামাল হোসেন মুফতিকে প্রজ্ঞাপনের তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, বাগেরহাটের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
পাশাপাশি এটি পরবর্তী গেজেটে প্রকাশ এবং স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে আপলোডের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এরআগে রোববার রাতে ডা. কামাল হোসেন মুফতির ব্যক্তিগত ক্লিনিক সিলগালা করা হয়।



















