আগামী ৬ অক্টোবর মঙ্গলবার বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানাবেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশেষ ম্যাচে দর্শক হিসেবে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার সাবেক তারকা আনহেল ডি মারিয়া।
ক্লাউসুরা টুর্নামেন্টে আর্জেন্তিনোস জুনিয়র্সের বিপক্ষে রোজারিও সেন্ট্রালের গুরুত্বপূর্ণ জয়ের পর মিক্সড জোনে কথা বলেন ডি মারিয়া। এ সময় তিনি জানান, ৫ অক্টোবর বানফিল্ডের বিপক্ষে রেসিং ক্লাবের ম্যাচ শেষে তিনি বুয়েনস আইরেসেই থেকে যাওয়ার পরিকল্পনা করছেন, যাতে মেসির বিদায়ী ম্যাচটি মাঠে বসে দেখতে পারেন।
ডি মারিয়া বলেন, ‘আমাকে স্টেডিয়ামে যেতেই হবে, তাই না? আমাকে গিয়ে দেখতেই হবে। আমরা ৫ তারিখে বানফিল্ডের বিপক্ষে খেলবো, তাই সম্ভবত সেখানেই থেকে যাবো। এটা তো আমার পথেই পড়ে, আমি সেখানে থাকবো।’
আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ের বিষয়টি নিয়েও কথা বলেন সাবেক এই আর্জেন্টাইন উইঙ্গার। তিনি মনে করেন, দীর্ঘদিনের অধিনায়ককে ছাড়া আর্জেন্টিনা জাতীয় দলে বড় পরিবর্তন আসবে।
ডি মারিয়া বলেন, ‘এত বছর পর লিওকে ছাড়া একটা দল! এটা কঠিন হবে, তাই না? বিশেষ করে আর্জেন্টিনাকে, পুরো বিশ্বকে সে যা কিছু দিয়েছে তার পর। আমরা সেই শেষ দিনটা উপভোগ করবো।’
আর্জেন্টিনার তিন ম্যাচের এই সিরিজে বেনিনের বিপক্ষের ম্যাচেই কেবল খেলবেন মেসি। এ উপলক্ষে তার দীর্ঘদিনের সতীর্থ রদ্রিগো দে পল, নিকোলাস ওতামেন্দি এবং জিওভানি লো সেলসোসহ আরও কয়েকজন খেলোয়াড় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যদেরও পরিবারসহ গ্যালারিতে বসে মেসির বিদায়ী ম্যাচ দেখার আমন্ত্রণ জানানো হয়েছে।



















