মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচর আইডিয়াল স্কুল এন্ড মাদরাসায় প্রায় ৬০ জন শিক্ষার্থীর মধ্যে পবিত্র কোরআন শরিফ ও আমপারা বিতরণ করা হয়েছে। জেনারেল ও আরবি শিক্ষার সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠানটির উদ্যোগে বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিন আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মেহেরাব হোসেন, হাফেজ মাওলানা রাকিবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা আমিন আহমেদ বলেন, শিশুকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে দ্বীনি শিক্ষার বীজ বপন করাই তাঁদের লক্ষ্য। একজন শিক্ষার্থী ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী কিংবা অন্য কোনো পেশায় গেলেও তার মধ্যে যেন ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতা তৈরি হয়, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।
আমিন আহমেদ বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি কোরআন ও ইসলামী শিক্ষায়ও আলোকিত হোক। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার মাধ্যমে একজন ভালো মানুষ তৈরি করাও আমাদের অন্যতম লক্ষ্য। এ জন্য জেনারেল ও আরবি শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার চেষ্টা করছি।’
হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম বলেন, কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থা চালু হওয়ার পর শিশুদের সকালে মক্তবে গিয়ে পড়ার প্রচলন অনেকটাই কমে গেছে। ফলে অনেক শিশু ছোটবেলা থেকেই প্রাথমিক দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় শিবচর আইডিয়াল স্কুল এন্ড মাদরাসা আরবি ও জেনারেল শিক্ষার যে সমন্বয় করেছে, তা প্রশংসনীয়। এতে শিশুরা একই সঙ্গে সাধারণ শিক্ষার পাশাপাশি কোরআন ও ইসলামী শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সহি-শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দেওয়া হয়। পরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।



















