নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজারের কাছ থেকে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নোয়াখালী, ৩১ আগস্ট: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট-হাজারীহাট সড়কের বিদ্যুৎ অফিস এলাকায় সোমবার (৩১ আগস্ট) দুপুরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ইসলামী ব্যাংকের আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার আবদুর রহমানের কাছ থেকে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে আবদুর রহমান বসুরহাট থেকে মোটরসাইকেলে করে ১২ লাখ টাকা নিয়ে আবু মাঝির হাটে যাচ্ছিলেন। পথে হাজারীহাট বিদ্যুৎ অফিস এলাকা অতিক্রম করার সময় ডিবি পুলিশের পোশাক পরা কয়েকজন ব্যক্তি একটি প্রাইভেটকার দিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করেন।
অভিযোগে বলা হয়, অস্ত্র ও ওয়াকিটকি হাতে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইয়াবা বিক্রির অভিযোগে তাকে আটক করার কথা বলে প্রাইভেটকারে তুলে নেয়। পরে সেনবাগ উপজেলার নবীপুর এলাকায় তাকে সড়কের পাশে ফেলে রেখে ব্যাগে থাকা ১২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
আবদুর রহমান ইসলামী ব্যাংকের আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবেও দায়িত্বে রয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি মৌখিক অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















