আন্তর্জাতিক

সহিংসতার আশঙ্কা কলম্বিয়ার সাবেক গেরিলা নেতার

  প্রতিনিধি 15 July 2026 , 3:41:26 প্রিন্ট সংস্করণ

কলম্বিয়ার সাবেক ফার্ক (এফএআরসি) গেরিলা বাহিনীর শীর্ষস্থানীয় সাবেক কমান্ডার রদ্রিগো লন্দোনো বলেছেন, ‘ঘৃণার বার্তা’ দেশটিতে আবারও সহিংসতা উসকে দিতে পারে। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট তাকে কারাগারে পাঠানোর এবং ২০১৬ সালের ঐতিহাসিক শান্তি চুক্তির গুরুত্বপূর্ণ একটি অংশ বাতিলের অঙ্গীকার করার পর তিনি এ মন্তব্য করেন।

রদ্রিগো লন্দোনো, ‘তিমোচেঙ্কো’ নামেও পরিচিত। তিনি মঙ্গলবার এএফপিকে বলেন, সাবেক গেরিলা নেতারা ডানপন্থী নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলাকে চিঠি লিখে তার সাম্প্রতিক নির্বাচনী জয়ের স্বীকৃতি জানিয়েছেন এবং আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন।

বোগোতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এর আগে দে লা এসপ্রিয়েলা তিমোচেঙ্কোকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে বলেছিলেন, তার আজীবন কারাদণ্ড হওয়া উচিত। এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করারও অঙ্গীকার করেন তিনি।

কট্টর ডানপন্থী এ নেতা ভিন্নমতাবলম্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা বন্ধ, মাদক পাচারে জড়িত গেরিলাদের ওপর বিমান হামলা এবং সাবেক ফার্ক নেতাদের শাস্তি এড়িয়ে যেতে সহায়তা করেছে বলে তার বিশ্বাস এবং তিনি যে কোনো বিশেষ ট্রাইব্যুনাল বাতিলের প্রতিশ্রুতিও দেন তিনি। এসব ট্রাইব্যুনালের মাধ্যমেই ফার্কের সাবেক নেতারা শাস্তি থেকে রেহাই পেয়েছিলেন বলে তিনি মনে করেন।

লন্দোনো বলেন, সাবেক গেরিলাদের প্রতি অব্যাহত নেতিবাচক প্রচারণার সঙ্গে ‘ঘৃণার বার্তা’ও ছড়ানো হচ্ছে, যা নতুন করে সহিংসতা সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, ‘বিশেষ প্রভাবশালী অবস্থানে থাকা কিছু মানুষ এ ধরণের বার্তা ছড়াচ্ছেন। এটি অত্যন্ত বিপজ্জনক।’
তিনি আরও বলেন, ‘এটি সবাইকে ঝুঁকির মুখে ফেলছে।’

লন্দোনো বলেন, সাবেক ফার্ক নেতারা এখনো শান্তি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ৭ আগস্ট দায়িত্ব গ্রহণ করতে যাওয়া নতুন সরকারের সঙ্গে তারা চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে চান।

আরও খবর

Sponsered content