সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড় এখন অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তারকা ফরোয়ার্ডরা শুরু থেকেই দুর্দান্ত গতিতে গোল করে চলেছেন।
সব মিলিয়ে বিশ্বকাপ সর্বোচ্চ গোলের রেকর্ড ইতোমধ্যেই ভেঙে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত দুই ম্যাচে পাঁচ গোল যোগ করে তিনি এখন ছয়টি বিশ্বকাপে মোট ১৮ গোলের মালিক।
তবে তাকে তাড়া করে চলেছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। যাদের দুজনেরই গোলসংখ্যা চার। এছাড়া ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও হ্যারি কেনও রয়েছেন প্রতিযোগিতায়।
১৯৫৮ সালে ফ্রান্সের জাস্ট ফন্টেইন এক আসরে ১৩ গোল করে যে দীর্ঘস্থায়ী রেকর্ড গড়েছিলেন, সেটিও এবার হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
জার্মান কিংবদন্তি গার্ড মুলার ছিলেন সর্বশেষ খেলোয়াড় যিনি এক বিশ্বকাপে দুই অঙ্কের গোল করেছিলেন। ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে তিনি করেছিলেন ১০ গোল। এরপর থেকে মাত্র তিনটি আসর বাদে প্রতিটি বিশ্বকাপেই সর্বোচ্চ গোলদাতা ছয় বা তার কম গোল করেছেন।
আর্জেন্টাইন অধিানয়ক মেসিই এখন পর্যন্ত কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপের সবচেয়ে উজ্জ্বল তারকা। আলজেরিয়ার বিপক্ষে স্মরণীয় হ্যাটট্রিক করার পর তিনি অস্ট্রিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানের জয়ে আরও দুটি গোল করেন। ফলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এ পর্যন্ত করা পাঁচটি গোলের সবকটিই এসেছে তার পা থেকে।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি উদ্বোধনী ম্যাচের পর বলেন, অভিজ্ঞ এই ফরোয়ার্ডের প্রতিভা ব্যাখ্যা করা কঠিন।
তিনি বলেন, “আমরা এখনও তাকে দেখে বিস্মিত হই, যদিও প্রতিদিনই তাকে দেখি। গত ২০ বছর ধরে সে-ই সেরা। প্রতিটি ম্যাচেই সে আবারও তা প্রমাণ করে।”
টুর্নামেন্টে অনেক দূর যাওয়ার সম্ভাবনার বিচারে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন এমবাপ্পে। চার বছর আগে কাতার বিশ্বকাপে আট গোল করে তিনি গোল্ডেন বুট জিতেছিলেন। বর্তমানে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে ওঠা ২৭ বছর বয়সী এমবাপ্পে, মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের মোট গোলসংখ্যা থেকে মাত্র দুই গোল পিছিয়ে আছেন।
ইরাকের বিরুদ্ধে দলের ৩-০ ব্যবধানের সহজ জয়ের পর রিয়াল মাদ্রিদের এই তারকা বলেন, মেসিকে তাড়া করা তার মূল চিন্তা নয়।
তিনি বলেন, “লিও সবসময় গোল করে এবং করতেই থাকবে। তাই সে কী করছে সেদিকে আমি তাকাচ্ছি না, আমি শুধু আমার দলকে সাহায্য করার দিকে মনোযোগ দিচ্ছি।”
এমবাপ্পের সমান চার গোল নিয়ে আছেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড। নরওয়ের হয়ে টানা ১২টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করেছেন তিনি। ২৫ বছর বয়সী এই শক্তিশালী স্ট্রাইকার আন্তর্জাতিক ফুটবলে ৫২ ম্যাচে ৫৯ গোলের অসাধারণ মাইলফলকে পৌঁছেও নিজের প্রতিভাকে খুব সাধারণভাবেই দেখেছেন।
তিনি বলেন, “অনেক কিছুর মতো এটাও বলতে হয় আমি গোল করতে পারি এবং কিছুটা ভাগ্যবানও। আমি আসলে জানি না আমি কী করছি। ব্যাপারটা এমনই।”
জার্মানির ডেনিজ উনডাভ ও কানাডার জোনাথ ডেভিড তিনটি করে গোল করেছেন। আর দুই গোল নিযয় থাকা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন কেন ও রোনালল্ডো।
মঙ্গলবার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসির কাছ থেকে কিছু সময়ের জন্য আলো কেড়ে নেন রোনাল্ডো। তিনি বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম খেলোয়াড় হিসেবে অনন্য এক রেকর্ড গড়েছেন। ৪১ বছর বয়সী রোনাল্ডো উজবেকিস্তানের বিরুদ্ধে ৫-০ ব্যবধানের জয়ে দুটি গোল করার পর চিৎকার করে বলেন, “আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি।” এর আগে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ ড্র ম্যাচে তার পারফরম্যান্স ছিল বেশ নিষ্প্রভ।
আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোর গোলসংখ্যা এখন ১৪৫।
তিনি বলেন, “আমি সবসময়ই এসে পৌঁছাই, দেরিতে হলেও। কিন্তু আমি থাকি।”
অন্যদিকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ছয় গোল করে গোল্ডেন বুট জেতা হ্যারি কেন বর্তমানে দুই গোলেই আটকে আছেন। মঙ্গলবার ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে তিনি একটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন।
সূত্রঃ বাসস



















