
মোঃ মোস্তাকিম ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (০১ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলার বিভিন্ন কাঁচাবাজার, হোটেল-রেস্তোরাঁ, মনিহারি দোকানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর সংশ্লিষ্ট ধারায় অনিয়ম প্রমাণিত হওয়ায় ৪টি মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, ওজনে কম দেওয়া এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রির মতো অভিযোগে এসব মামলা দায়ের করা হয় বলে জানা গেছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে ত্রিশাল থানা পুলিশের একটি টিম।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।