
মোঃ মোস্তাকিম ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ত্রিশাল-এর আয়োজনে দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
আজ ১ মার্চ রবিবার উপজেলা পরিষদে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।
এ সময় তিনি বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তিনির্ভর। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তরুণ প্রজন্মকে কম্পিউটার ও ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তরুণ-তরুণীরা অংশগ্রহণ করবে। দুই মাসব্যাপী এ প্রশিক্ষণে বেসিক কম্পিউটার অপারেশন, অফিস অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ব্যবহারসহ প্রয়োজনীয় আইটি দক্ষতা বিষয়ক পাঠদান করা হবে।
আয়োজকরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আত্মনির্ভরশীল হয়ে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবে।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।