রাজধানীর কাফরুলে বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার মো. হোসেন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজনৈতিক বড় ভাইয়ের নির্দেশে এ কাজ করেছেন বলে স্বীকার করেছেন। তার দাবি, নির্দেশদাতা যুবরাজ কাফরুল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। হোসেন নিজেও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে কাফরুলে বাসে আগুন দেওয়ার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসেন বলেন, ‘আমার রাজনৈতিক বড় ভাই যুবরাজ আমাকে বাসে আগুন দিতে পাঠিয়েছে। তার কথামতো গাড়িতে পেট্রোল ঢেলে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেই।’
ডিসি মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসেন বাসে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। তার দেওয়া বক্তব্য যাচাই-বাছাই ও তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে তার প্রাথমিক স্বীকারোক্তির ভিডিও ধারণ করে রাখা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে কাফরুল থানাধীন মিরপুর-১৩ নম্বর এলাকায় স্টাফ কলেজের বিপরীত পাশে ঢাকা মেট্রো-ব-১২-৭৪৭৪ নম্বরের আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দেন। তবে আশপাশের দোকানদাররা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় বাসে আগুন দেওয়ার সময় মো. হোসেনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।

















