ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের জামানত, নির্বাচনী ব্যয়সীমা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধিমালায় চেয়ারম্যান প্রার্থীর হলফনামা বাধ্যতামূলক করার পাশাপাশি বিভিন্ন নির্বাচনী অপরাধের শাস্তিও নির্ধারণ করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়িয়েছে নির্বাচন কমিশন। নতুন বিধান অনুযায়ী, চেয়ারম্যান প্রার্থীর জামানত ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার এবং সদস্য প্রার্থীর জামানত ১ হাজার থেকে ৫ হাজার টাকা করা হয়েছে। একই সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনী ব্যয়সীমা ১০ লাখ এবং সদস্য প্রার্থীর ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। মোট প্রদত্ত ভোটের অন্তত ১৫ শতাংশ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। এছাড়া চেয়ারম্যান প্রার্থীর জন্য হলফনামা দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা (সংশোধনী) প্রজ্ঞাপন জারি করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) তা প্রকাশ করা হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, চেয়ারম্যান পদে ২৫ হাজার টাকা এবং সদস্য পদে ৫ হাজার টাকা ট্রেজারি চালান, পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার অনুকূলে জমা দিতে হবে। একাধিক মনোনয়নপত্র জমা দিলেও অতিরিক্ত জামানত দিতে হবে না। তবে মোট ভোটের ১৫ শতাংশের কম পেলে জামানত সরকারি কোষাগারে জমা হবে। আগে এ সীমা ছিল ১২ দশমিক ৫ শতাংশ।
নতুন বিধিমালায় চেয়ারম্যান প্রার্থীর হলফনামা দাখিল বাধ্যতামূলক করা হলেও সদস্য প্রার্থীদের ক্ষেত্রে এ বিধান রাখা হয়নি। পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে নির্বাচন কমিশন তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কমিশন লিখিত আদেশে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে। এছাড়া কোনো ভোটকেন্দ্রে বলপ্রয়োগ, ভীতি প্রদর্শন বা কারসাজির অভিযোগ প্রমাণিত হলে ওই কেন্দ্রের ফল স্থগিত কিংবা নির্বাচন বাতিল করে পুনঃভোটের নির্দেশ দেওয়ার ক্ষমতাও কমিশনকে দেওয়া হয়েছে।
সংশোধিত বিধিমালায় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ব্যয়সীমা ৫ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ এবং সদস্য প্রার্থীর ব্যয়সীমা ১ লাখ থেকে ২ লাখ টাকা করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের জন্য তফসিলি ব্যাংকে পৃথক হিসাব খুলতে হবে এবং ২০ হাজার টাকা বা তার বেশি ব্যয় চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে। প্রচারণার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০২৬ অনুসরণ করতে হবে এবং এর পরিপন্থী কোনো খাতে অর্থ ব্যয় করা যাবে না।
বিধিমালায় আরও বলা হয়েছে, সমান সর্বোচ্চ ভোট পাওয়া দুই বা ততোধিক প্রার্থীর ক্ষেত্রে লটারির পরিবর্তে পুনরায় ভোট গ্রহণ করা হবে। প্রতিবন্ধিতা বা অন্য কোনো কারণে সহায়তা প্রয়োজন এমন ভোটারকে কমপক্ষে ২১ বছর বয়সী একজন সহায়তাকারী সঙ্গে নেওয়ার অনুমতি দিতে পারবেন প্রিসাইডিং কর্মকর্তা। তবে ওই সহায়তাকারী কোনো প্রার্থী, প্রার্থীর এজেন্ট, ভোট গ্রহণ কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হতে পারবেন না। এছাড়া ভোটার, প্রার্থী, গণমাধ্যমকর্মী বা নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয়ভীতি প্রদর্শন, বাধা দেওয়া কিংবা সরঞ্জাম নষ্ট করার মতো অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে।


















