যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঝাঐল ওভারব্রিজ এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে ট্রাকটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, ঘটনার সময় ট্রাকটির চালক ও সহকারী কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। তিনি বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে।



















