প্রতিনিধি 22 August 2026 , 9:24:57 প্রিন্ট সংস্করণ
নতুন শপথ নেওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণের পাশাপাশি এক মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। এর আগে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে, যিনি এর আগে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
বান্দরবান আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর আগে এ দপ্তরের দায়িত্বে ছিলেন দীপেন দেওয়ান, যিনি গত ১ জুন পদত্যাগ করেন। অন্যদিকে, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জহির উদ্দিন স্বপন।
পূর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আব্দুল বারী।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। বর্তমানে এ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দায়িত্ব পালন করছেন। নতুন প্রজ্ঞাপনের ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুইজন প্রতিমন্ত্রী দায়িত্বে থাকবেন। উল্লেখ্য, ড. খলিলুর রহমান আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সরকার গঠনের ছয় মাসের মাথায় এ রদবদলের মাধ্যমে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন ২৮ জন মন্ত্রী এবং ২৩ জন প্রতিমন্ত্রী।
















