কক্সবাজার থেকে ঢাকাগামী ‘আইকন পরিবহণ’-এর একটি এসি বাসে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রামুতে স্থানীয়দের দ্রুত উদ্ধার তৎপরতায় বাসে থাকা ২৫ থেকে ৩০ জন যাত্রী বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।
শুক্রবার (২১ আগস্ট) রাত ১টার দিকে রামু উপজেলার কলঘর বাজারের পশ্চিমে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্য অনুযায়ী, চলন্ত বাসের ভেতরে হঠাৎ ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্বয়ংক্রিয় দরজা ও জানালা বন্ধ থাকায় তারা বাসের ভেতরেই আটকা পড়ে যান।
এ সময় বিকট শব্দ ও ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বাসের জানালার কাচ ভেঙে একে একে যাত্রীদের নিরাপদে বের করে আনেন। বাসের যাত্রী মোহাম্মদ রানা জানান, পরিবারের সাত সদস্যকে নিয়ে কক্সবাজার ভ্রমণ শেষে ফিরছিলেন তিনি। আগুন লাগার সময় বাসের ভেতরে ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং চালক বা তার সহকারীকে সেখানে পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন।
খবর পেয়ে প্রায় ১০ মিনিটের মধ্যে রামু হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি বা ইঞ্জিনের অতিরিক্ত তাপ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।



















