প্রধানমন্ত্রী তারেক রহমান এবার নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন ।
আজ বুধবার সকালে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার প্রান্তে এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী আজ তাঁর গুলশানের বাড়ি থেকে সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে যাচ্ছিলেন। সকাল ৯টার কিছু সময় আগে প্রধানমন্ত্রীর গাড়িবহর বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ান বাজার এফডিসি মোড়ের দিকে এগোচ্ছিল। এ সময় আকস্মিকভাবে প্রধানমন্ত্রীর দৃষ্টি পড়ে একটি অ্যাম্বুলেন্সে। সাইরেন বাজাতে বাজাতে অ্যাম্বুলেন্সটি তাঁর গাড়িবহর অতিক্রমের চেষ্টা করছিল। প্রধানমন্ত্রী পরিস্থিতি বুঝে অ্যাম্বুলেন্সটিকে সাইড দিতে গাড়িবহরে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে কর্মকর্তারা অ্যাম্বুলেন্সটিকে পথ করে দেন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘এটি একটি বিরল দৃষ্টান্ত। একজন মুমূর্ষ রোগীকে বহনকারী অ্যাম্বুলন্সকে পথ করে দিয়ে আরেকটি উদাহরণ সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী।’
একই সময়ে কারওয়ান বাজারের কাছে প্রাইভেটকারে থাকা যাত্রী সুমন আহমেদ জানান, ওই সময় প্রধানমন্ত্রীর গাড়িবহরের পেছনে ছিলেন তিনি। দেখেন, হঠাৎ সব গাড়ি থেমে যায়। ভিভিআইপি নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা অ্যাম্বুলেন্সটিকে গাড়িবহরের সাইড দিয়ে এগিয়ে দিচ্ছেন। এমন দৃশ্য দেখে তার মন খুশিতে ভরে ওঠে।
তিনি বলেন, এ দেশে আগে কোনো সরকার ও রাষ্ট্র প্রধানকে এমন করতে দেখা যায়নি। তারেক রহমানের এমন দায়িত্ববোধ ও সহমর্মিতা সকলের জন্য শিক্ষনীয় বার্তা দিচ্ছে।
সূত্রঃ বাসস



















