চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের বিভিন্ন দেয়াল ও ময়লা ফেলার ডাস্টবিনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর একাধিক পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ি, পুরাতন আইইআর, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স এবং চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন দেয়ালে এসব পোস্টার দেখা যায়। পোস্টারগুলোতে বিভিন্ন রাজনৈতিক স্লোগান ও বার্তা লেখা ছিল, যার মধ্যে ছিল“ফ্যাসিস্ট নয়, বাংলাদেশের আর্টিস্ট শেখ হাসিনা”, “জাগো বাংলাদেশ”, “এই ষড়যন্ত্র রুখে দাও”, “রাজবন্দীদের মুক্তি চাই”, “আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে” প্রভৃতি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, পুলিশ সূত্রে তারা জানতে পেরেছেন যে কলা ঝুপড়িসহ কয়েকটি স্থানে পোস্টার লাগানো হয়েছে। তবে কারা এ কাজ করেছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি জানান, প্রশাসন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পোস্টারগুলো সরিয়ে ফেলা হয় এবং যেসব স্থানে সিসিটিভি নেই, সেসব জায়গায়ই পোস্টার লাগানো হয়েছে। তার ধারণা, রাতের কোনো এক সময় এসব পোস্টার লাগানো হয়েছে।
চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, নিষিদ্ধ সংগঠনটি গোপনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং এর আগেও ক্যাম্পাসে এ ধরনের কার্যক্রম চালিয়েছে। তিনি অভিযোগ করেন, প্রশাসনকে একাধিকবার নজরদারি বাড়ানোর দাবি জানানো হলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে জড়িতদের শনাক্ত করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, নিষিদ্ধ সংগঠনটি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নষ্ট করেছে এবং এখনও বিভিন্ন স্থানে পোস্টার লাগাচ্ছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সিসিটিভি ব্যবহার করে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ অব্যাহত থাকবে।
চবি শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, পোস্টার লাগানোর এমন ঘটনা আগেও ঘটেছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, এসব কার্যক্রমের মাধ্যমে দেশব্যাপী অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।



















