Tuesday , 15 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ফরিদা ইয়াসমিনকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ায় আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 15, 2026 12:59 pm

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে কুষ্টিয়া শহর মহিলা দল। একই সঙ্গে তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীর নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় হয়ে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে শহীদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন মহিলা দলের নেতা-কর্মীরা। সেখানে বক্তারা মুফতি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, ফরিদা ইয়াসমিন তাদের আসনের নারী সংসদ সদস্য। তাকে নিয়ে একজন সংসদ সদস্যের এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়।

মহিলা দল সূত্রে জানা যায়, সোমবার কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াতে ইসলামী আয়োজিত একটি মতবিনিময় সভায় বক্তব্য দেন মুফতি আমীর হামজা। ওই বক্তব্যের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ করে আমীর হামজাকে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়।

ভাইরাল ভিডিওতে আমীর হামজাকে বলতে শোনা যায়, “আপনি তো সংরক্ষিত আসনের। আপনারই যদি এই ভাব হয়, তাহলে আমার তো ১০০ গুণ ভাব হওয়া দরকার। আমি ১ লাখ ৮৩ হাজার ভোট পেয়েছি। আর আপনার তো কোনো ভোট নেই।”

মহিলা দলের নেত্রীরা বলেন, কোনো নারীকে নিয়ে এ ধরনের মন্তব্য করা উচিত নয়। একজন ইসলামি বক্তা হিসেবে মুফতি আমীর হামজার কাছ থেকেও এমন বক্তব্য প্রত্যাশিত নয়। তারা অভিযোগ করেন, বিভিন্ন সম্মেলন ও ওয়াজ মাহফিলে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে।

সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের বক্তব্য বন্ধ না হলে ভবিষ্যতে আমীর হামজার বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। মিছিলে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

সর্বশেষ - আইন-আদালত