বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড গুচি ‘মেড ইন চায়না’ লেবেলযুক্ত নতুন স্নিকার বাজারে এনেছে। ইতালিকেন্দ্রিক উৎপাদন ঐতিহ্যের জন্য পরিচিত প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্তকে বড় কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
গত তিন বছরে গুচির বিক্রি প্রায় অর্ধেকে নেমে আসায় মুনাফার ওপর চাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে তুলনামূলক কম দামে বিলাসপণ্য কিনতে আগ্রহী ক্রেতাদের আকৃষ্ট করতে এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রাখতে ডেমনার নকশা করা ‘ড্রিপ’ নামের নতুন স্নিকার বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
গুচির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নতুন এই স্নিকারটি চীনে তৈরি। ইউরোপে এর দাম প্রায় ৮০০ ইউরো এবং যুক্তরাষ্ট্রে প্রায় ১ হাজার ডলার। ফিতাবিহীন এ জুতার নকশা গুচির প্রচলিত সাদা চামড়ার স্নিকার থেকে আলাদা। একই সংগ্রহের আরেকটি চামড়ার স্লিপ-অন স্নিকারও চীনে উৎপাদিত বলে উল্লেখ করা হয়েছে।
গুচির দাবি, ইতালিই তাদের উৎপাদনের মূল কেন্দ্র হিসেবে থাকবে। তবে নির্দিষ্ট কারিগরি দক্ষতার প্রয়োজনেই চীনের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা হয়েছে। তবুও ‘মেড ইন ইটালি’ পরিচয় থেকে আংশিক সরে আসার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বাজার বিশ্লেষকরা।
বেরেনবার্গের মতে, এ সিদ্ধান্ত গুচির ব্র্যান্ড পরিচয়ের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক হতে পারে। পরামর্শক সাইমন হোয়াইটহাউসের ভাষায়, ‘মেড ইন চায়না’ লেবেলটি ব্র্যান্ডের ভাবমূর্তির সঙ্গে খুব একটা মানানসই নয়। অন্যদিকে বার্কলেসের বিশ্লেষক ক্যারোল মাজদো মনে করেন, দাম কমানোর পাশাপাশি চীনে উৎপাদন শুরু করায় গুচির পণ্যের মূল্যমান নিয়ে বিতর্ক আরও বাড়তে পারে।
সূত্র: রয়টার্স


















