ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় হতাহতদের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। এ সময় তিনি আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেন।
পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। মন্ত্রীরা হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
ড. আবদুল মঈন খান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জরুরি ভিত্তিতে অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজখবর নিতে আমরা হাসপাতালে এসেছি। প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে আপনাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।’
তিনি বলেন, সরকার এই কঠিন সময়ে নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, দুর্ঘটনায় যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আরিফুল হক চৌধুরী বলেন, আশুলিয়ার অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে রয়েছে সরকার। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। হতাহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















