সম্পত্তির অংশ দাবি করে না পেয়ে দাদা-দাদির বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে গিটিস নকরেক নামে এক গারো যুবকের বিরুদ্ধে। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের ধরাটি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, তিনি ঘটনাটি সম্পর্কে শুনেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা ও গিটিস নকরেকের আত্মীয় অবিনাশ নকরেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গারো সম্প্রদায়ের সাংস্কৃতিক রীতি অনুযায়ী পরিবারে সম্পত্তির মালিকানা মায়ের হাতে থাকে।
তিনি বলেন, গিটিসের মা শাপলী নকরেক এক ছেলে ও তিন মেয়ে রেখে প্রায় এক যুগ আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তার মেয়েরা সবাই ঢাকায় থাকেন। বর্তমানে বাড়িতে থাকেন গিটিসের বৃদ্ধ দাদা-দাদি সনেন্দ্র চিরান ও সীতা নকরেক।
অবিনাশ নকরেক জানান, গিটিস স্থানীয় একটি উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেছিলেন। তবে নেশাগ্রস্ত হয়ে পড়ায় তিনি পরীক্ষায় অংশ নেননি। কয়েক দিন ধরে তিনি মায়ের সম্পত্তির অংশ লিখে দেওয়ার জন্য দাদা-দাদির ওপর চাপ দিয়ে আসছিলেন। কিন্তু গারো ভূমি আইন অনুযায়ী তিনি ওই সম্পত্তির অংশ পাবেন না বলে জানানো হয়।
তিনি অভিযোগ করেন, এতে ক্ষুব্ধ হয়ে রোববার ভোররাতে গিটিস দাদা-দাদিকে মারধর করে ঘর থেকে বের করে দেন এবং পরে বসতঘরে আগুন ধরিয়ে দেন।
আগুনে ঘরে থাকা ধান-চাল, কাপড়চোপড়, বাসনকোসন ও আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে বলে জানা গেছে।



















