রাজশাহীর বাঘায় দুটি সচল বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলিসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বাঘা উপজেলার ওই নারীর বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় তার শয়নকক্ষের খাটের নিচ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়। তদন্তের স্বার্থে আটক নারীর নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ জানায়, রাজশাহী জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসানের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে উপপরিদর্শক (এসআই) মো. স্বপন হোসেন, এসআই মো. মেহেদী হাসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাজমুল সাকিব ও এএসআই মো. শাহাদাৎ হোসেনসহ ডিবির অন্য সদস্যরা অংশ নেন।
অভিযানকালে ওই নারীর শয়নকক্ষের খাটের নিচ থেকে কাঠসদৃশ বাটযুক্ত দুটি সচল পিস্তল, মরিচাযুক্ত তিনটি খালি ম্যাগাজিন এবং সাত রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেরাজুল হক বলেন, ডিবির বিশেষ টিম অভিযান চালিয়ে দুটি সচল পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলিসহ ওই নারীকে আটক করেছে।
তিনি জানান, পুলিশের তথ্য অনুযায়ী, আটক নারীর স্বামী আওয়ামী লীগ সরকারের আমলে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে তার বিরুদ্ধে এলাকায় পেশিশক্তি প্রয়োগ ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল।
ওসি আরও বলেন, সিডিএমএস যাচাই করে ওই নারীর স্বামীর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৩টি মামলা আদালতে বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান বাঘা থানার ওসি।



















