দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে বিদ্যমান লোডশেডিংয়ের সমস্যা আর থাকবে না বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের বিদ্যুৎ সংকটের অন্যতম প্রধান কারণ গ্যাসের সংকট। গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে বর্তমান লোডশেডিং পরিস্থিতি আর থাকবে না বলে আশা করা যায়।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ও দেশে লোডশেডিং ছিল। তবে ঢাকায় তা একেবারেই দেওয়া হয়নি। তার মতে, ঢাকার মানুষের ‘ভয়েস’ ও সামাজিক পুঁজি (সোশ্যাল ক্যাপিটাল) বেশি হওয়ায় রাজধানীবাসী লোডশেডিংয়ের অভিজ্ঞতা কম পেয়েছেন। এর ফলে তাদের মধ্যে একটি বিশেষ ধরনের ধারণা তৈরি হয়েছে।
রাজধানীকে পুরোপুরি লোডশেডিংমুক্ত রাখার ধারণা থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ঢাকা দেশের সবচেয়ে বড় শহর এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় বিদ্যুৎ সরবরাহে কিছুটা অগ্রাধিকার দেওয়া যেতে পারে। তবে ঢাকাকে একেবারে লোডশেডিংমুক্ত রাখা উচিত নয়।
তিনি আরও বলেন, ঢাকাবাসীকেও কিছুটা বিদ্যুৎ সংকট মেনে নিতে হবে। অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে রাজধানী কিছুটা অগ্রাধিকার পেতে পারে, কিন্তু এখানে কোনো লোডশেডিং হবে না—এমন ধারণা থেকে সরে আসা প্রয়োজন। এ কারণেই বর্তমানে রাজধানীতেও কিছুটা লোডশেডিং হচ্ছে।



















