মোঃ সোহাগ আহমেদ,কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় চিকিৎসাধীন তিন দিন বয়সী এক নবজাতকের পা ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে একটি বেসরকারি হাসপাতালের সেবিকাদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পৌর শহরের ফেরিঘাটসংলগ্ন ম্যাক্স হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের ফটোথেরাপি কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের।
নবজাতকের স্বজনদের অভিযোগ, নার্সদের অবহেলায় শিশুটির পা ভেঙে গেলেও বিষয়টি তাদের কাছে গোপন রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি ভাঙা পায়ের এক্স-রে প্রতিবেদনও অভিভাবকদের দেখানো হয়নি বলে অভিযোগ করেছেন তারা।
জানা গেছে, গত শনিবার (২৯ আগস্ট) সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য ওই হাসপাতালে ভর্তি হন প্রসূতি গৃহবধূ জান্নাতি আক্তার কনা বেগম। ওই রাতেই অস্ত্রোপচারের পর তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার ঠিক আগে শিশুটির পা ভাঙার বিষয়টি পরিবারের নজরে আসে বলে জানা গেছে।
হাসপাতালের শয্যায় নবজাতকের মা কনা বেগম অভিযোগ করে বলেন, ‘অনেক সাধনায় ছয় বছর পর প্রথম মা হয়েছি। কিন্তু নার্স খাদিজা আমার বাচ্চাকে চোখের রং পরিবর্তনের জন্য তাপ দিতে নিয়ে গিয়ে পা ভেঙেছে। আমার সুস্থ ছেলের পা ভেঙে দুই টুকরো হয়ে গেছে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং বলেন, ‘আমি বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন। তবে কর্মস্থলে ফিরে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’



















