বন্ধুদের সঙ্গে বাস ভাড়া করে কক্সবাজার ভ্রমণে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক তরুণ। পুলিশ জানিয়েছে, চলন্ত বাস হঠাৎ মোড় নেওয়ায় দরজায় দাঁড়িয়ে থাকা ওই তরুণ সড়কে পড়ে বাসের চাকায় পিষ্ট হন।
রোববার (২৩ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় সি-সাইড ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ধ্রুবজিৎ রায় আপন (২৬) নারায়ণগঞ্জের বাসিন্দা। তিনি ফতুল্লার ডায়নামিক টিউটোরিয়াল হোমে শিক্ষকতা করতেন এবং একই সঙ্গে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা অধ্যয়নরত ছিলেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘বাংলাদেশ বাস স্পটার’ নামে একটি বাসপ্রেমী দলের সঙ্গে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন আপন। গত ২০ আগস্ট শ্যামলী পরিবহনের একটি বাস ভাড়া করে দলটি কক্সবাজার যায়। ফেরার পথে ফৌজদারহাটে একটি ফিলিং স্টেশনে বিরতির পর বাসটি মহাসড়কে ওঠার সময় হঠাৎ মোড় নিলে দরজায় দাঁড়িয়ে থাকা আপন ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশের দাবি, দুর্ঘটনার পর সফরসঙ্গীরা তাঁকে উদ্ধার না করে বাস নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, বাসটি চালাচ্ছিলেন কোয়েল নামে এক চালক, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অস্থির কোয়েল’ নামে পরিচিত। ঘটনার পর থেকে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং বাসটিও জব্দ করা যায়নি।
হাইওয়ে পুলিশের বারো আউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাসটি স্টেশন থেকে বের হওয়ার সময় আপন পেছনে থেকে বাসকে সংকেত দিচ্ছিলেন। পরে দৌড়ে গিয়ে দরজার সামনে দাঁড়ানোর পর বাসটি মহাসড়কে উঠে হঠাৎ মোড় নিলে তিনি পড়ে যান। এরপরের অংশ সিসিটিভির আওতার বাইরে থাকলেও পুলিশের ধারণা, বাসের চাকার নিচে পড়েই তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ আরও জানায়, ‘বাংলাদেশ বাস স্পটার’ গ্রুপের ভ্রমণগুলোতে বেপরোয়া গতিতে বাস চালানো এবং অন্য বাসের সঙ্গে প্রতিযোগিতার অভিযোগ রয়েছে। দ্রুতগতিতে বাস চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাও অতীতে ঘটেছে।



















