জেলার মোরেলগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নয়ন নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।
গতকাল শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার গুলিশাখালী বাজারসংলগ্ন গুলিশাখালী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান যশোর জেলার আগরাইল গ্রামের বাসিন্দা এবং বদরুল আলমের পুত্র।
মোরেলগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মাদ্রাসার সেপটিক ট্যাংকের নির্মাণকাজ চলাকালে হঠাৎ দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এতে সেখানে কর্মরত দুই শ্রমিক ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে। পরে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আতিয়ার রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত শ্রমিক নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. গোলাম ফারুক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। তবে টানা বৃষ্টিপাত এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়ের কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনাটির কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
সূত্রঃ বাসস



















