মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে পরাজিত করে স্প্যানিশ লিগের ২৯তম শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা।
প্রথমার্ধে মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেস গোল করে হান্সি ফ্লিকের দলকে টানা দ্বিতীয় লা লিগা শিরোপা জয়ে সহায়াতা করেন। এই পরাজয়ের ফলে কোনও ট্রফি ছাড়াই মৌসুম শেষ হলো রিয়াল মাদ্রিদের।
তিন ম্যাচ বাকি থাকতে বার্সা দ্বিতীয় স্থানে থাকা লস ব্ল্যাঙ্কোসদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে লিগ শিরোপা ঘরে তুলে।
লা লিগার ইতিহাসে এনিয়ে দ্বিতীয়বার সরাসরি ক্লাসিকোর ফলাফলের মাধ্যমে শিরোপা নির্ধারিত হলো। এর আগে ১৯৩২ সালে বার্সার সঙ্গে ড্র করে নিজেদের প্রথম লিগ শিরোপা জিতেছিল ৩৬ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
এপ্রিলে এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ায় ফ্লিকের দল হতাশ ছিল। তবে তারা ঘরের মাঠে লিগ শিরোপা দারুণভাবে উদযাপন করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল।
ম্যাচের ঠিক আগে বাবার মৃত্যুর খবর পেয়েও বিচলিত হননি বার্সা কোচ ফ্লিক। খেলোয়াড়দের বুঝতে না দিয়ে ডাগআউটে দলকে সবদিক থেকে সহযোগিতা করে গেছেন। ম্যাচ শেষে নিজের আবেগকে আর ধরে রাখতে পারেননি ফ্লিক। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আজ খুব কঠিন একটা দিন ছিল। এই দিন কখনও ভুলব না। এমন একটি দল পেয়ে আমি সত্যিই গর্বিত। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তোমাদের লড়াইয়ের জন্য ধন্যবাদ।”
চোটের কারণে অনুপস্থিত টিনএজ তারকা লামিন ইয়ামালের পরিবর্তে ডান প্রান্তে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে খেলতে আসা রাশফোর্ড। হার এড়ালেই শিরোপা নিশ্চিত হতো বার্সার, কিন্তু তারা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এবং ১৮ মিনিটের মধ্যেই দুই গোলের লিড নেয়।
৯ মিনিটে ২০ গজ দূর থেকে নেওয়া দারুণ এক ফ্রি-কিকে বল জালে জড়ান রাশফোর্ড। ১৮ মিনিটে উচ্ছ্বসিত ক্যাম্প ন্যুয়ে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। বার্সেলোনার এই হোম গ্রাউন্ডটি পুনসংষ্কারের পর এটিই ছিল প্রথম ক্লাসিকো। ৬২ হাজার দর্শক দারুণভাবে ম্যাচটি উপভোগ করেছেন। ডানি ওলমোর চমৎকার ব্যাকহিল পাস থেকে বক্সে ঢুকে রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়াকে পরাস্ত করেন তোরেস।
ইনজুরিতে থাকা তারকা কিলিয়ান এমবাপ্পের বদলে খেলতে নামা গঞ্জালো গার্সিয়া বার্সার রক্ষনভাগকে ফাঁকি দিয়ে অল্পের জন্য গোলের দেখা পাননি।
কোচ আলভারো আরবেলোয়ার উৎসাহে রিয়াল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বার্সার দাপট কমাতে পারেনি। বিরতির আগে রাশফোর্ড আরও একটি গোল করতে পারতেন, কিন্তু তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে তোরেসের শট ঠেকিয়ে দেন কুর্তোয়া। জুড বেলিংহাম বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়। ভিনিসিয়াস জুনিয়রের শট রুখে দেন হুয়ান গার্সিয়া। ইনজুরি কাটিয়ে দলে ফেরা রাফিনিয়া ও রবার্ট লিওয়ানদোস্কির শটও রক্ষা করেন কুর্তোয়া।
ফ্লিকের দল এখনো এক মৌসুমে ১০০ পয়েন্টের রেকর্ড স্পর্শ করার পথে রয়েছে। বাকি থাকা একমাত্র হোম ম্যাচে রিয়াল বেটিসকে হারাতে পারলে ঘরের মাঠের সব ম্যাচেই জয় পাবে তারা।
অন্যদিকে টানা দ্বিতীয় মৌসুম বড় কোনো ট্রফি ছাড়াই শেষ করছে রিয়াল মাদ্রিদ। গ্রীষ্মে বড় ধরনের রদবদলের সম্ভাবনা দেখা যাচ্ছে, যেখানে সাবেক কোচ হোসে মরিনহোর সম্ভাব্য প্রত্যাবর্তনের গুঞ্জনও রয়েছে।
সূত্রঃ বাসস



















