জনপদ সংবাদ

সত্য প্রকাশে নির্ভীক

প্রেমের সম্পর্ক ঘিরে রক্তাক্ত পরিণতি, নিহত ১

আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় প্রেমঘটিত পারিবারিক বিরোধের জেরে স্বজনদের মারধরে কেসমত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ১নং ত্রিবেণী ইউনিয়নের জয়ন্তীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কেসমত আলীর মেয়ে তহমিনা খাতুনের সাথে তার ভগ্নিপতি নবিস উদ্দিনের বড় ছেলে জসিম উদ্দিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘকাল ধরে তিক্ততা ও বিবাদ চলে আসছিল। আজ সকালে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কেসমত আলীর ওপর চড়াও হন তার আপন ভগ্নিপতি নবিস উদ্দিন (৫৫) ও ভাগ্নে রফিকুল ইসলাম (২২)। তাদের উপর্যুপরি কিল-ঘুষিতে কেসমত আলী গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর শৈলকুপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ভগ্নিপতি ও ভাগ্নে কে আটক করে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *