শিবগঞ্জে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ২


 

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে তুলে এনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গত শুক্রবার (৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মুরাদপুর দক্ষিণ পাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবু সুফিয়ান জাকির(৪০) ও একই উপজেলার পাঁর আচলাই মধ্যপাড়া গ্রামের শাহজাহান ইসলামের ছেলে মিল্লাত হোসেন(৩৫)।

গণধর্ষণের ঘটনায় শুক্রবার দুপুরে ঐ গৃহবধূর স্বামী জিহাদ প্রধান বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর উত্তর পাড়া গ্রামের ফারুক হোসেন(৪০) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আজাহার(৫০)।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা ওই গৃহবধূ ও তার স্বামীকে গোবিন্দগঞ্জের কুমারগাড়ী এলাকা হতে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে নিয়ে আসে। গৃহবধূর স্বামীকে আটকে রেখে ওই গৃহবধূকে অন্য ঘরে নিয়ে গিয়ে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় ৪জনের নাম উল্লেখ করে থানায় ধর্ষনের মামলা নেওয়া হয়েছে। দু’জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *