নড়াইল জেলা আদালতে মামলার হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের এক আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এসকেন্দার শেখ (৫৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৪৫), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২২), আরিফুল শেখ (২২), তারেখ শেখ (৩২), জুলফিকার মোল্যা (৪৫) ও শরিফুল মোল্যা (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, মারামারির একটি মামলায় হাজিরা দিতে এসে তারা আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযানের সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দাসহ ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। আদালত এলাকায় অস্ত্র নিয়ে আসার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।



















