কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্লিপার বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিনগত রাত আড়াইটার দিকে পদুয়া বাজার এলাকার হোটেল নুরজাহানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে আসা ‘শাহ ফাতিহা স্লিপার কোচ’ পরিবহনের বাসটি যাত্রাবিরতির জন্য পদুয়া বাজার এলাকায় থামানো হয়। এ সময় বাসে যাত্রী ছিলেন।
বাসটি হোটেল নুরজাহানের সামনে থামানোর কিছুক্ষণ পরই এতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাসের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। তবে দ্রুত যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে বাসটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস বাসসকে বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



















