নেত্রকোনার মদনে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রলার ঘাটে জেনারেটরের ইঞ্জিনে বোরকা পেঁচিয়ে রিনা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেওয়ান বাজার ট্রলার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মদন পৌরসভার সুরুজ্জামানের সঙ্গে মাঘান গ্রামের তামান্নার বিয়ের পর বরযাত্রী নিয়ে ট্রলার ঘাটে পৌঁছান তারা। এ সময় ট্রলারের জেনারেটরের ইঞ্জিনে রিনা আক্তারের বোরকা ও চুল পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মদন থানার ওসি সালাউদ্দিন করিম বলেন, ‘ঘটনার কথা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’



















