পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী পৌর শহরের আলহাজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।
স্থানীয়রা জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনোয়ার মালিথার ছেলে সিয়ামের বিয়ে হওয়ার কথা ছিল। এ উপলক্ষে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঈশ্বরদী শহরে বিয়ের কেনাকাটা করতে এসেছিলেন তিনি। কেনাকাটা শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই স্বপ্না খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত আনোয়ার মালিথাকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।



















