রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে কোনো মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিরাপত্তাজনিত কারণে রোববার জেলগেটে গিয়ে দুই আসামির নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষায় তাদের শরীরে এমফিটামিনসহ কোনো ধরনের মাদকের উপস্থিতি পাওয়া যায়নি।
এর আগে রোববার (৩০ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে ডিবি পুলিশের একটি দল রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে দুই আসামির নমুনা সংগ্রহ করে। এ সময় রংপুর মেডিকেল কলেজের ল্যাবের একজন টেকনোলজিস্ট ও একজন সহকারী উপস্থিত ছিলেন।
ডিবির অনুরোধে নিরাপত্তার স্বার্থে কারাগারের ভেতরেই নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়। এজন্য রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের অনুমতি নেওয়ার পর মেডিকেল কলেজের টেকনোলজিস্টকে সঙ্গে নিয়ে পুলিশের দল কারাগারে গিয়ে নমুনা সংগ্রহ করে।



















