পটুয়াখালীর কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। হামলায় তার ডান পায়ের গোড়ালি ভেঙে গেছে বলে অভিযোগ করেছে পরিবার।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. শাহ আলম মোল্লা (৬৭) বালিয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
শাহ আলম মোল্লার পরিবারের অভিযোগ, চৌরাস্তা বাজারে কেনাকাটা করতে গেলে বিএনপির কর্মী রুম্মান, তৌহিদ, দীন ইসলামসহ সাত থেকে আটজন তাকে মারধর করেন। একপর্যায়ে গাছের গুঁড়ি দিয়ে আঘাত করে তার ডান পায়ের গোড়ালি ভেঙে দেওয়া হয়। এ ছাড়া মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়েছে।
শাহ আলম মোল্লার পুত্রবধূ রুনা বেগম বলেন, রোববার তার ছেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। এ জন্য কেনাকাটা করতে চৌরাস্তা বাজারে গেলে তার শ্বশুরের ওপর হামলা করা হয়। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমানের লোক।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মজিবুর রহমান। তিনি বলেন, তার কোনো লোক এ ঘটনার সঙ্গে জড়িত নয়। কে বা কারা হামলা করেছে, তা তিনি জানেন না। রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য শাহ আলম মোল্লা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পলি সাহা বলেন, আহত ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তার শরীর ও মাথায় জখম রয়েছে। তবে ডান পায়ের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আহত শাহ আলম মোল্লাকে দেখতে পুলিশ পাঠানো হয়েছে। তার পরিবার লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



















