প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৯ তলাবিশিষ্ট আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যার হাসপাতালে উন্নীত করার উদ্যোগের কথাও জানান তিনি।
রোববার ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। পরে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। চিকিৎসক ও ওষুধের সংকট নিরসন, রোগীদের জন্য সহজতর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারে সরকার কাজ করছে।
তিনি বলেন, নতুন পরিকল্পনা অনুযায়ী ১৫১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি নারীদের জন্য ২৫ শয্যার বিশেষ ওয়ার্ড এবং শিশুদের জন্য ২০ শয্যার পৃথক ওয়ার্ড থাকবে। পাশাপাশি এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিসসহ বিশেষায়িত স্বাস্থ্যসেবা চালুরও পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি স্বাস্থ্যসেবার মান, ওষুধের প্রাপ্যতা এবং রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান সম্পর্কেও খোঁজখবর নেন।



















