ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বিমান হামলার সতর্কতা জারির পর পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে রাশিয়া দাবি করেছে, মস্কোর দিকে আসা কয়েক ডজন ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কথা জানিয়ে রাজধানীতে বিমান হামলার সতর্কতা জারি করে। পাশাপাশি বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। এএফপির এক প্রতিবেদকও ঘটনাস্থল থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
পরে কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, রাজধানী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে রয়েছে। এর কিছুক্ষণ পর ওবোলনস্কি জেলায় একটি অ-আবাসিক ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
অন্যদিকে, রাশিয়া জানিয়েছে, রাজধানী মস্কোর দিকে এগিয়ে আসা আরও একটি ড্রোন বহরের হামলা প্রতিহত করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত ম্যাক্স প্ল্যাটফর্মে দেওয়া একাধিক পোস্টে দাবি করেন, রুশ বাহিনী মস্কোর দিকে আসা প্রায় ২৮টি ড্রোন ভূপাতিত করেছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যে সাম্প্রতিক সময়ে রাশিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়েছে। এর জবাবে ইউক্রেনের গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ড্রোন হামলা চালিয়ে আসছে। ইউক্রেনীয় বাহিনী নিয়মিতভাবে রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। অন্যদিকে, মস্কো পূর্ব ইউক্রেনে সামরিক অভিযান জোরদারের পাশাপাশি কিয়েভসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, এসব হামলায় কোনো কোনো ক্ষেত্রে উত্তর কোরিয়ার সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে রাশিয়া।



















