আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দাখিল করা মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম আজ রোববার শুরু হতে পারে। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বেলা ১১টার দিকে এ কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসি জানিয়েছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামি নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ছিল। নির্ধারিত সময়ের মধ্যে মোট তিনটি মনোনয়নপত্র পাওয়া গেছে। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
তিনি জানান, আজ মনোনয়নপত্রগুলো বিধি অনুযায়ী যথাযথ আছে কি না, তা যাচাই-বাছাই করা হবে। এ কাজে সহযোগিতার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে একজন কর্মকর্তা উপস্থিত থাকবেন এবং মনোনয়নপত্রে থাকা স্বাক্ষরগুলো যাচাই করবেন।
ইসি সূত্রে আরও জানানো হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত। আর ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



















