শিক্ষাবর্ষকে আরও সময়োপযোগী এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুনে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ সংসদে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে ধাপে ধাপে শিক্ষাবর্ষের শুরু ও পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সমন্বয় আনা সম্ভব হবে। এতে শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় কমবে এবং পাঠদানের ধারাবাহিকতাও বজায় থাকবে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে পাবলিক পরীক্ষাগুলো আরও আগেই সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।


















