সিলেটে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
আজ (রোববার) সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা কাজে যোগ দিতে একটি ডিআই পিকআপে করে সুনামগঞ্জ যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম বাসস’কে জানান, তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। এছাড়া একজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর মারা যান।
এ ঘটনায় গুরুতর আহত কয়েকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন-সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০); একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫); নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে মো. ফরিদুল (৩৫) এবং সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার সুজাত আলীর ছেলে মো. বদরুল (৩০)। বাকি চারজনের পরিচয় এখনও জানা যায়নি।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসস’কে জানান, শ্রমিকদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



















