ইরানের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩৪ কোটি ৪০ লাখ (৩৪৪ মিলিয়ন) মার্কিন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তিনি এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও জ্বালানি সরবরাহ সংকটের মধ্যে ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর চেষ্টা করছে।
তিনি বলেন, ট্রেজারি বিভাগ ‘তেহরানের অর্থ সংগ্রহ, স্থানান্তর ও পুনঃপ্রবেশের সক্ষমতা ধাপে ধাপে দুর্বল করে দিতে কাজ চালিয়ে যাবে।’
বেসেন্ট আরও জানান, ইরানের সঙ্গে যুক্ত একাধিক ক্রিপ্টো ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার ফলে এসব অর্থ জব্দ করা সম্ভব হয়েছে।
এই পদক্ষেপ এমন সময় নেওয়া হলো, যখন যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের শনিবার পাকিস্তানে গিয়ে ইরানের সঙ্গে নতুন শান্তি আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওয়াশিংটন শুধু প্রচলিত নিষেধাজ্ঞা এড়ানোর উপায় নিয়ে, ভুয়া বা নামসর্বস্ব প্রতিষ্ঠান নয়, বরং ডিজিটাল সম্পদের মতো নতুন প্রযুক্তির ব্যবহারের ওপরও নজর দিচ্ছে।
তিনি আরও বলেন, ট্রেজারি বিভাগ বর্তমানে ডিজিটাল অ্যাসেট এক্সচেঞ্জসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করছে।
সূত্রঃ বাসস



















